কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের চাকরি কেড়ে নেবে — এমন আতঙ্কে যখন গোটা বিশ্ব কাঁপছে, ঠিক তখনই আশার বাণী শোনালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি দাবি করেছেন, এআইয়ের কারণে কোম্পানিগুলোর আকার ছোট হলেও ভবিষ্যতে চাকরির কোনো অভাব হবে না। সম্প্রতি মেটার ওয়েবসাইটে প্রকাশিত ৬,৫০০ শব্দের এক ইশতেহারে জাকারবার্গ এই ভবিষ্যদ্বাণী করেন। ‘ভবিষ্যৎ সবার জন্য: একটি ইতিবাচক এআই ভবিষ্যতের পথ’ শিরোনামের ওই লেখায় তিনি বলেন, যারা মনে করে এআই বেশির ভাগ চাকরি খেয়ে নেবে বা মানবসভ্যতার জন্য হুমকি হবে, তারা কেন এই প্রযুক্তি তৈরিতে এত ছুটছে, তা আমি বুঝি না। তার মতে, এআইয়ের ক্ষমতা মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত থাকাটা চরম বিপজ্জনক একটি ধারণা।
জাকারবার্গ জানান, শিল্পযুগ থেকে প্রযুক্তিযুগে প্রবেশের সময় যেমন কোম্পানির আকার ছোট হয়েছিল, এবারও তেমনটি হতে পারে। তবে এর মানে এই নয় যে সার্বিকভাবে চাকরি কমে যাবে। বরং ভবিষ্যতে ‘সুপারইন্টেলিজেন্ট এআই এজেন্ট’-এর সাহায্যে অল্প কয়েকজন মানুষ মিলেই বিশাল বড় কোম্পানি চালাতে পারবে। অর্থনীতিতে ছোট ব্যবসাগুলোই মূল চালিকাশক্তি হয়ে উঠবে এবং তাদের প্রভাব বহুগুণ বাড়বে।
মজার ব্যাপার হলো, জাকারবার্গের এই আশার বাণী এমন এক সময়ে এল, যখন ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রোপিকের দারিও আমোদেইয়ের মতো প্রযুক্তি কর্তারা চাকরি হারানোর সতর্কবার্তা দিচ্ছেন। আমোদেই তো স্পষ্টই বলেছেন, খরচ বাঁচাতে কোম্পানিগুলো এআই ব্যবহারে ঝুঁকছে। ফলে আগামী পাঁচ বছরের মধ্যেই আইন, পরামর্শক, প্রশাসন বা ফাইন্যান্সের মতো খাতের ৫০ শতাংশ ‘এন্ট্রি-লেভেল’ বা শুরুর দিকের কাজ এআইয়ের দখলে চলে যাবে। তবে জাকারবার্গ এই ভীতি উড়িয়ে দিয়ে প্রযুক্তির উজ্জ্বল ভবিষ্যতের দিকেই আস্থা রাখছেন।






0 Comments